জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানিই কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।

আজ (সোমবার, ৬ জুলাই) সকালে রাজধানীর ডিআরইউতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে সেই অতিরিক্ত ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়া যাবে না।’

আরও পড়ুন:

তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাতের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোনো চুক্তির আওতায় এসব প্রতিষ্ঠানের কাছ থেকে তুলনামূলক উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। ফলে তাদের পাওনা সময়মতো পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এমন বাস্তবতায় সরকারকে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতের অংশগ্রহণ বাড়িয়ে মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।’

এছাড়া গ্রামাঞ্চলে চলমান লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং বিভিন্ন কারিগরি সমস্যার কারণে হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এসএইচ