ভারতে নিজ বাহিনীর সদস্যের গুলিতে কমান্ডারসহ চারজন নিহত

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য | ছবি: সংগৃহীত
0

ভারতের জম্মু ও কাশ্মীরে কথা-কাটাকাটির জেরে নিজ বাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দলটির একজন কর্মকর্তাও রয়েছেন। ভারতের আধা সামরিক এই বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাঠুয়া জেলার বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা জলবিদ্যুৎ প্রকল্পে সিআইএসএফের ওই ইউনিট মোতায়েন রয়েছে। রাভি নদীর উপনদী সেবা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎ প্রকল্প এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন—সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং এবং দুই কনস্টেবল রফিক আহমেদ ও সন্দীপ কুমার।

সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্ত হেড কনস্টেবল অবধেশ কুমার সিং কার্যালয়ে ঢুকে নিজের নামে বরাদ্দ করা একে-৪৭ রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালান। সে সময় তার কাছে ১৫০ রাউন্ড গুলি মজুত ছিল।

গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। অভিযুক্ত অবধেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। কী পরিস্থিতিতে এই গোলাগুলির ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএম