প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক। বিপিএলে প্রথমবার দল পাওয়া নোয়াখালীর বোলিং কোচ তালহা জুবায়ের বর্ণনা করেছিলেন তিক্ত অভিজ্ঞতা। আসরের শুরুতে যেখানে ধারণা করা হয়েছিলো নোয়াখালীর অংশগ্রহণে আলাদা প্রাণ পাবে বিপিএল। তবে বিপিএল যতই এগিয়েছে ততই বিতর্কে জড়িয়েছে দলটি।
বিপিএলে টেবিলের তলানিতে থাকা দলটি পারিশ্রমিক ইস্যুতেও তলানিতেই বলা যায়। দেশি ক্রিকেটারদের বেতন বকেয়া এখনো পরিশোধ করতে পারেনি দলটি। পাশাপাশি মোহাম্মদ নবীসহ বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি আছে ৩৮ হাজার ডলার। দেশি-বিদেশি মিলিয়ে টাকার অঙ্কটা প্রায় ১ কোটি ৭০ লাখ।
আরও পড়ুন:
বিসিবি থেকে এর আগে জানানো হয়েছিলো ১৫ ফেব্রুয়ারির মধ্যেই পাওনা বুঝে পাবে ক্রিকেটাররা। তবে বিসিবি থেকে নোয়াখালী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংক গ্যারান্টির টাকা থেকেই পেমেন্ট পরিশোধ করার অনুরোধ জানানো হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টির মধ্যে নোয়াখালী ২ কোটি টাকা পেঅর্ডার করেছিলো বিসিবিকে। অন্য কোনো উপায় না থাকায় সেই টাকা থেকে চলতি সপ্তাহের মধ্যেই বিসিবি দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক চলতি সপ্তাহের মধ্যেই পরিশোধ করবে বিসিবি।





