বাংলাদেশ ফুটবলে আবারও ফিরছে ব্যস্ততা। মার্চে প্রথমবারের মতো জাতীয় দলের নারীরা খেলবে এশিয়ান কাপের মূল পর্ব।
মিশন অস্ট্রেলিয়ার জন্য আফঈদাদের নিয়ে আগে থেকেই পরিকল্পনা সাজানো ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে কবে, কখন আর কীভাবে শেষ সময়ের প্রস্তুতি নেবেনে বাংলাদেশের দামাল কন্যারা তাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত প্ল্যান সম্ভাব্য ১৯ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে। ২০ তারিখে তারা পৌঁছাবে। যেখানে ক্যাম্প করা হবে সরাসরি তারা সেখানে যাবে। ২৭ বা ২৮ তারিখে হোটেল চেকিং করা হবে।’
আরও পড়ুন:
শুধু নারীরাই না, মার্চে সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপের বাছাইয়ের শেষ ম্যাচের জন্য ব্যস্ত থাকবেন পুরুষরাও। তার আগে ভিয়েতনামে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে হামজা চৌধুরীর খেলা নিয়ে শঙ্কা থাকলেও ফাহাদ করিম হামজাকে নিয়ে দিয়েছেন সুখবর।
ফাহাদ করিম বলেন, ‘আমি জানি হামজা গোয়িং থ্রু রিকভারি। লেটস প্রে ফর হিম। সে যেন ফিট হয়, সুস্থ হয় এবং ম্যাচ খেলতে পারে।’
জাতীয় দলের ফুটবলে নারী-পুরুষ উভয় দলই নিজেদের পারফরম্যান্সে চমক দেখাচ্ছে। ছেলেদের ম্যাচটি নিয়ম রক্ষার হলেও মেয়েদের এশিয়ান কাপ মহাগুরুত্বপূর্ণ। ভালো করলেই পিটার বাটলারের শিষ্যদের থাকবে অলিম্পিক ও বিশ্বকাপে টিকিট কাটার সুযোগও। এবার দেখার পালা মার্চের ম্যাচগুলো কতটা সফলতা এনে দেয় বাংলাদেশকে।





