ইরানে মার্কিন হামলায় নিহত ৪, পাল্টা হামলা আইআরজিসির

ইরানে মার্কিন হামলা
ইরানে মার্কিন হামলা | ছবি: সংগৃহীত
0

টানা ১৩তম দিনে ইরানের বন্দর আব্বাস, জাস্কসহ চারটি শহরের একাধিক স্থাপনায় নতুন দফা মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। জবাবে, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে এখন থেকে হামলার স্বীকার জাহাজের ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের কাছে জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর আইআরজিসির যেকোনো হামলা মোকাবিলায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

রাতের অন্ধকারে বিকট শব্দে কেঁপে ওঠে ইরানের বন্দর আব্বাস। কেবল বন্দর আব্বাস নয়, ইরানের জাস্ক, খোররামবাদ, ও আহভাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলার খবর পাওয়া গেছে।

পরে হামলার দায় স্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে নতুন করে অভিযান চালানো হয়েছে। তবে হামলায় শুধু সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও, হামলায় ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগারসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে পাল্টা দাবি তেহরানের। প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা।

আরও পড়ুন:

এদিকে মার্কিন হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। নতুন করে জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংকার, মজুত সরঞ্জাম ও সেনা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এছাড়া যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দিতে তেহরান প্রস্তুত বলেও জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস।

হামলা-পাল্টা হামলার মধ্যেই ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প দাবি করেন, এখন থেকে হামলার স্বীকার জাহাজের ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের কাছে জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করা হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বিশ্বে বিপজ্জনক নজির স্থাপন করবে।

এদিকে আইআরজিসির যেকোনো হামলা মোকাবিলায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাজ্য। এর আগে, ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানায়, যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান ইরানে আঘাত হানলে পাল্টা হামলা চালানো হবে।

এসএস