দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরনবী।
আটকরা হলেন— আব্দুল কাদির (৬২), রাহিম আহমেদ (২০), অপু মিয়া (১৯), নুর আলম (১৯) ও ছানোয়ারা বেগম (৪৮)। তারা সবাই খাগাতোয়া গ্রামের বাসিন্দা।
এর আগে সোমবার বিকেলে খাগাতোয়া গ্রামে ডাকাত শফিক বাহিনীর সদস্যরা র্যাব সদস্য কাজল, মালেক ও রাশেদকে আটকে রেখে মারপিট করে।
আরও পড়ুন:
কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গতকাল বিকেলে গোয়েন্দা তথ্য সংগ্রহে যাওয়ার পথে খাগাতোয়া গ্রামে র্যাব-৯ এর গোয়েন্দা শাখার তিন সদস্যকে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা।
পরে তাদেরকে আটকে রেখে মারপিট করা হয়। এসময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র্যাব। এসময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে কিছু দেশিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. নূরনবী।





