মার্কেটের পজিশন নিয়ে দ্বন্দ্ব; দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

আহতদের মধ্যে কয়েকজন
আহতদের মধ্যে কয়েকজন | ছবি: এখন টিভি
0

পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১২মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আহতরা হলেন ‎মো: রোকন (৩৭), ‎মোবিন উদ্দিন (৪৫), ‎সজিবুল ইসলাম মাহিম (১৭), ‎‎ওসমান গনী (৫৫), ‎মো. মারুফ হাসান জয় (২৪) ও ‎‎মো. রানা( ৩৫)। এসময় চেয়ারম্যান সমর্থিত রানা (৪০) ‎সাইফুল ইসলাম (২২), ‎শফি (৪০) ও ‎‎মোহাম্মাদ আলী (৪৫) আহত হয়েছেন।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে পুরাতন মালিগাছা ইউনিয়ন পরিষদ ভেঙে মার্কেট নির্মাণ করছেন চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে শুরু থেকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন চেয়ারম্যান।

আরও পড়ুন:

মার্কেটের নকশা প্রকাশ না করা, পজিশন ক্রেতা ও পূর্বের ঘর মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং কৌশলে পজিশন কমিয়ে কোটি টাকা মূল্যে পজিশন বিক্রির অভিয়োগ ওঠে। ভুক্তভোগীরা চেয়ারম্যান ও তার ‘পেটুয়া সন্ত্রাসী’ বাহিনীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডে লিখিত অভিযোগ এবং থানায় লিখিত অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, ‘আমার বিরুদ্ধে একটি পক্ষ সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। ইউপি মার্কেট স্থানীয় সরকারের নিয়মনীতি অনুসরণ করেই করা হচ্ছে। যারা পজিশন কিনেছেন আর যারা পুরনো মার্কেটের মালিক, তাদেরকে সরেজমিন ও বাস্তবতার আলোকে পজিশন বুঝে দেয়া হবে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএস