চীনের জুতা কারখানায় আগুনে নিহত অন্তত ২৮

বিশ্বের প্রায় ২০ শতাংশ জুতা উৎপাদন হয় চীনের জিনজিয়াংয়ে
বিশ্বের প্রায় ২০ শতাংশ জুতা উৎপাদন হয় চীনের জিনজিয়াংয়ে | ছবি: সংগৃহীত
0

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে এবং কয়েকজনকে ছাদে আটকা পড়ে থাকতে দেখা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডে ‘বড় ধরনের প্রাণহানি’ হয়েছে। তিনি এ ঘটনার জন্য দায়ীদের ‘কঠোরভাবে জবাবদিহির আওতায় আনার’ নির্দেশ দিয়েছেন।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ ক্রীড়া জুতা এই শহরে উৎপাদিত হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুন লাগে। এতে কতজন আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে ৫০০ জনের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন লাগার সময় কারখানায় প্রায় ২৪০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ২১৩ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে দুজন মারা যান। এছাড়া প্রথমে নিখোঁজ থাকা আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

হংকংয়ের কয়েকটি আবাসিক ভবনে গত নভেম্বরে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন বহুতল ভবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে একটি জাতীয় কর্মসূচি শুরু করে। শি জিনপিং বলেছেন, চলতি বছরে দেশে ঘটে যাওয়া একাধিক বড় শিল্প দুর্ঘটনা থেকে ‘গভীর শিক্ষা’ নিতে হবে। একই সঙ্গে ‘কঠোর ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।

এএম