কখনও কোনো নামি যুব একাডেমির সুযোগ পাননি ৩১ বছর বয়সি জ্যাকব বার্গস্ট্রম। ২২ বছর পর্যন্ত খেলেছেন অপেশাদার ফুটবল। ২০১৮ সালে মিয়ালবিতে যোগ দেওয়ার পর আয়ের জন্য কাজ করেছেন সাবওয়ে রেস্টুরেন্টে। ২৪ বছর বয়সে এসে প্রথমবারের নাম লেখান পেশাদার ফুটবলে। সেই বার্গস্ট্রম এখন নতুন স্বপ্নের কারিগর।
গত মৌসুমে বার্গস্ট্রমের নেতৃত্বে ইতিহাস গড়ে মিয়ালবি। ৮৭ বছরের ইতিহাসে ক্লাবটি প্রথমবারের মতো জেতে সুইডিশ লিগ শিরোপা ও সুইডিশ কাপ। এরপর চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই গোল করে নতুন স্বপ্ন দেখান এই স্ট্রাইকার। এবারও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে ভালোভাবেই লড়ছে মিয়ালবি।
বার্গস্ট্রমের ক্লাব মিয়ালবির গল্পও কম রোমাঞ্চকর নয়। সুইডেনের দক্ষিণ উপকূলের ছোট্ট গ্রাম হালেভিকে অবস্থিত ক্লাবটির শহরে বাসিন্দা এক হাজারেরও কম। অথচ এই ছোট্ট গ্রাম থেকেই ইউরোপের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় খেলছে দলটি। যে কারণে সমুদ্রতীরের পাশে অবস্থিত স্ট্র্যান্ডভ্যালেন স্টেডিয়াম এখন ইউরোপীয় ফুটবলের নতুন আলোচনার কেন্দ্র।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় বাছাইপর্বে জিব্রাল্টারের লিংকন রেড ইম্পসকে হারিয়ে তৃতীয় পর্বে উঠেছে মিয়ালবি। এবার তাদের প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভা। যে দলের কোচ সাবেক ম্যানচেস্টার সিটি তারকা ইয়াইয়া তোরে। ইউরোপের অন্যতম সফল এই মিডফিল্ডারের জন্যও হালেভিকের ছোট্ট স্টেডিয়ামে ম্যাচ খেলাটা হবে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা।
ফল যাই হোক, মিয়ালবি এরই মধ্যে অন্তত উয়েফা কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত করেছে। সামনের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। আর তাই সাবওয়ের কর্মী থেকে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলা জ্যাকব বার্গস্ট্রমের গল্প আজ ইউরোপের ফুটবলে নতুন রূপকথা।
 has scored 10 goals from 22 games in 2026-768x402.webp)




