আজ (বুধবার, ৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটির মা বন্যা আক্তার নগরের ব্রহ্মপল্লী এলাকায় শিশুটির নানার বাসায় ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে যায়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে ছিলেন। পরে শিশুটির নানি এসে দেখতে পান, আয়াশ জমে থাকা পানিতে ডুবে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
শিশুটির বাবা রেজুয়ানুল আমিন আবির বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে যায়। বাচ্চা খেলার ছলে গড়িয়ে পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।’
এ ঘটনায় পরিবারটিকে সমবেদনা জানাতে বিকেলে নিহত শিশুটির পরিবারের খোঁজ নেন সিটি প্রশাসক মো. রোকনুজ্জামান।
তিনি বলেন, ‘বিগত সময়ে জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করায় সহজে শহরে জমে থাকা বৃষ্টির পানি নামছে না। তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আমরা পানি নিষ্কাশনে রাতদিন কাজ করে যাচ্ছি, আর যেন কোনো শিশুর এমন হৃদয়বিদারক মৃত্যু না হয়।’




