এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় পরীক্ষায় নকল করার দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক ৫ জন শিক্ষককে অব্যাহতি দেন।
কেন্দ্র সচিব মাসুদ জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী।
কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের পরিহিত কাপড়ের মধ্যে লিখে নকল নিয়ে আসেন তারা। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে অব্যাহতি দেয়া শিক্ষকরা সরাসরি নকলের সঙ্গে জড়িত ছিলেন না। তারা দায়িত্ব ঠিক ভাবে পালন না করায় তাদের কে অব্যাহতি দেয়া হয়।’





