Recent event

উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার চালাচ্ছে: সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উগ্রবাদী শক্তি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে সাকরাইল বকুলতলা বেলতা বাঙ্গাবাড়ী বিন্যাফৈর মহা-শ্মশানঘাট নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই। একটি উগ্রবাদী শক্তি বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচনকে বিতর্কিত করতে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

বিএনপির এ নেতা বলেন, ‘দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। এ দেশে অন্যায়ভাবে কেউ নির্যাতনের শিকার হবে না, ইনশা আল্লাহ। আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই।’

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে টুকু বলেন, ‘যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।’

তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এসএস