Recent event

দেশজুড়ে নির্বাচনি আমেজ; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বিভিন্ন দলের জনসমাবেশ
বিভিন্ন দলের জনসমাবেশ | ছবি: এখন টিভি
0

রাজধানীর বাইরেও সারা দেশে নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, অলি-গলি ও জনসমাগমস্থল। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভায় এক নির্বাচনি জনসভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন দেশের মানুষ পরিবর্তন, সংস্কার ও ইনসাফ চায়। ৫ আগস্টের পর নতুন জালেম, চাঁদাবাজি ও ভূমি দখলের রাজনীতি দেশ চায় না।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, বাংলাদেশের মানুষ চায় সংস্কার। এ দেশের মানুষ ৫ আগস্টের পর নতুন কোনো জালেমের আগমন দেখতে চায় না।’

কক্সবাজারে চকরিয়ায় নির্বাচনি গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ। জানান, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয় বরং ঐক্যবদ্ধ বাংলাদেশ চান তারা। তিনি বলেন, ‘বাংলাদেশ সব ধর্ম, বর্ণ, জাতি, পাহাড়ি সবাইকে নিয়ে একটিই পরিচয় দিচ্ছি বাংলাদেশি পরিচয়।’

বরগুনার আমতলীতে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাতপাখা মার্কায় ভোট চান।

তিনি বলেন, ‘পবিত্র দিনে এখানে এসে বলতে চাই, ইনশাআল্লাহ হাতপাখাই এখানে বিজয় অর্জন করবে।’

নির্বাচনি জনসভায় খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম রকিব মাদক ও দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। এদিকে ডুমুরিয়ায় এক নির্বাচনি জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ তোলেন।

খুলনা ৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, ‘যখনই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের পছন্দের মানুষ ধানের শিষে ভোট দিবে। তখনই একটি অশুভ চক্র ইচ্ছাকৃতভাবে প্রতিটি জায়গায় সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে।’

আরও পড়ুন:

খুলনা ৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কালো টাকা দিবে অমুক দলের প্রার্থীরা টাকা নিবেন না। সারা বছর পাইনি অভাব অনটনে থেকেছি। তুমি এখন এসেছ, এখন টাকা লাগবে না।’

পঞ্চগড়ে শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী সারজিস আলম।

তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন, আর আমাদের শাপলা কলিতে দিবেন। আপনারা যদি চেষ্টা করেন কোনো ধরনের অপশক্তি আমাদের আটকাতে পারবে না।’

এদিকে বরিশালে ভোটের ইশতেহার ঘোষণা করেন বাসদ প্রার্থী ডা.মনিষা চক্রবর্তী। তিনি বলেন, ‘আমাদের শিল্পকে বিকাশ করে এ অঞ্চলে কর্মস্থান সৃষ্টি করার জন্য নীতি প্রণয়ন করতে চাই।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। কুষ্টিয়ায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার। নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচনি গণসংযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও,সারা দেশে প্রচার-প্রচারণা চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

এফএস