ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে দু’দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময়ের স্কোর লাইন দাঁড়ায় ০-০। নির্ধারিত সময়ের ফল গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
আরও পড়ুন:
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। কেবল গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ম্যাচে ৪-৩ ব্যবধানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।
এর আগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে এবারের টুর্নামেন্টে প্রথম দেখায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে সেবার শিরোপা ঘরে তুলেছিল যুবারা।—বাসস




