ঢাকাকে বাসযোগ্য করতে সবধরনের সহযোগিতা করবে সরকার: মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

ঢাকায় পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন হয়নি। ঢাকাকে বসবাসযোগ্য করতে সরকার সবধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ( শনিবার, ৬ জুন ) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনি ঘর থেকে বের হলেই যে অক্সিজেন গ্রহণ করেন, সেটাও দূষিত। আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই অবস্থা থেকে যদি আমরা বের হতে না পারি, প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে আনতে না পারি, তাহলে এতক্ষণ যে স্বপ্নের কথা বলা হলো, সেগুলো স্বপ্নই থেকে যাবে। কারণ আমরা কি সত্যিই সেই মুক্ত বাতাস নিতে পারব?’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন নগর নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।’

এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘এখনি প্রধানমন্ত্রীর সমালোচনা না করে তাকে আরও সময় দিতে হবে।’

জেআর