ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার: নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: রয়টার্স
0

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার পাবে।রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার পর নেতানিয়াহুর সঙ্গে এটি তার অষ্টম বৈঠক। এর আগে সর্বশেষ ফেব্রুয়ারিতে তাদের মধ্যে বৈঠক হয়েছিল। ঠিক এর পরপরই ইরানের বিরুদ্ধে যৌথ বিমান অভিযান শুরু করেছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন যাত্রার আগে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এই জটিল সময়ে চরম দৃঢ়তা ও প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে। আলোচ্যসূচিতে থাকা সব ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, তবে প্রাধান্য পাবে ইরান। আমাদের লক্ষ্য নিরাপত্তা রক্ষা এবং একই সঙ্গে চারপাশে শান্তির পরিধি বিস্তৃত করা।’

চলতি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহব্যাপী বোমা হামলায় ইসরাইল সরাসরি অংশ নেয়নি। ওই অভিযানের জবাবেই তেহরান বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল। গত সপ্তাহে ট্রাম্প এই অভিযান স্থগিত করেন। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যত দিন হামলা বন্ধ রাখবে, তারাও তত দিন পাল্টা আক্রমণ স্থগিত রাখবে। তবে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তেহরানের যেকোনো হামলার কঠোর জবাব দেয়া হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কিছুটা টানাপোড়েন দেখা দেয়ায় নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যেও মতপার্থক্য তৈরি হয়েছিল বলে স্বীকার করেছেন খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী। গত জুনে দুই নেতার মধ্যে একটি বিতর্কিত ফোনালাপের ঘটনাও গণমাধ্যমে ফাঁস হয়। ওই আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন বলে জানা যায়, যা পরে ট্রাম্প নিজেই স্বীকার করেন। এই ঘটনাই দুই নেতার সম্পর্কে সৃষ্ট টানাপোড়েনকে সামনে নিয়ে আসে।

তবে ট্রাম্পকে সন্তুষ্ট রাখার ইঙ্গিত দিয়ে গতকাল রোববার ইসরাইল জানিয়েছে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় তারা একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দেবে। এছাড়া গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তাদের কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। জনমত জরিপে পিছিয়ে থাকা নেতানিয়াহুর জন্য দেশে বেশ কঠিন সময় পার করছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক তার জন্য রাজনৈতিকভাবে বড় সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

এএম