বর্ণবৈষম্য মামলায় হেরে গেলেন অস্ট্রেলীয় নেতা পলিন হ্যানসন

ওয়ান নেশন পার্টির নেতা ও সিনেটর পলিন হ্যানসন
ওয়ান নেশন পার্টির নেতা ও সিনেটর পলিন হ্যানসন | ছবি: সংগৃহীত
0

এক মুসলিম সিনেটরের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার মামলায় দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থি নেতা পলিন হ্যানসন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি বংশোদ্ভূত সিনেটর মেহরিন ফারুকিকে ‘পাকিস্তানে ফিরে যান’ বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যকে বর্ণবৈষম্যমূলক ঘোষণা করে ২০২৪ সালে দেয়া রায় বহাল রেখেছেন আদালত। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের তিন বিচারকের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে জানান, হ্যানসনের ওই মন্তব্য বেআইনি এবং এটি বাক্‌স্বাধীনতার আওতায়ও পড়ে না। আদালতের রায়ের পর সিডনিতে সাংবাদিকদের ফারুকি বলেন, ‘আজ ন্যায়বিচারের জয় হয়েছে। যাদের কখনো না কখনো বলা হয়েছে “তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও”, আজকের এই জয় তাদের সবার।’

তবে এই রায়ে হতাশা প্রকাশ করেছেন পলিন হ্যানসন। এক বিবৃতিতে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় প্রকাশ্য আলোচনা এমন সব আইন ও নিয়মের মাধ্যমে প্রায় সম্পূর্ণ স্তব্ধ করে দেয়া হয়েছে, যেগুলো সাধারণ মানুষকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে বাধা দেয়। তিনি জানান, তার আইনজীবী দল এই রায় পর্যালোচনা করে দেশটির সর্বোচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করার প্রস্তুতি নেবেন।

কট্টর ডানপন্থি ‘ওয়ান নেশন’ দলের নেতা হ্যানসন ২০২২ সালের সেপ্টেম্বরে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ফারুকি এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন যে, ‘উপনিবেশ স্থাপনের মাধ্যমে যে সাম্রাজ্য চুরি করা জীবন, ভূমি ও সম্পদের ওপর গড়ে উঠেছিল, সেই বর্ণবাদী সাম্রাজ্যের নেতার জন্য তিনি শোক প্রকাশ করতে পারবেন না।’

এর জবাবে হ্যানসন লিখেছিলেন, ‘আপনি যখন অস্ট্রেলিয়ায় এসেছেন, তখন এই দেশের সব সুবিধা নিয়েছেন...এটা স্পষ্ট যে আপনি খুশি নন। তাই ব্যাগ গোছান এবং পাকিস্তানে ফিরে যান।’ ১৯৯২ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আসা মেহরিন ফারুকি অস্ট্রেলিয়ার যেকোনো পার্লামেন্টে নির্বাচিত প্রথম মুসলিম নারী। এই মন্তব্যের পর তিনি হ্যানসনের বিরুদ্ধে মামলা করেন।

২০২৪ সালে আদালত রায় দেন, হ্যানসনের এই মন্তব্য অস্ট্রেলিয়ার বর্ণবৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করেছে। কারণ এটি শুধু ফারুকিকেই নয়, দেশটিতে বসবাসকারী মুসলিম ও কৃষ্ণাঙ্গ অভিবাসীদেরও অপমান, অবমাননা এবং ভীতসন্ত্রস্ত করেছে। হ্যানসন এই রায়ের বিরুদ্ধে আপিল করে দাবি করেছিলেন যে তিনি আইন ভাঙেননি এবং সংশ্লিষ্ট আইনটি সাংবিধানিকভাবেও বৈধ নয়।

তবে ফেডারেল কোর্ট আপিলের সব যুক্তি খারিজ করে দিয়ে জানান, হ্যানসনের ওই পোস্টে মুসলিমবিদ্বেষী ও ইসলামোফোবিয়ার বার্তা ছিল। এটি ঐতিহাসিকভাবে বর্ণবাদী এবং অভিবাসনবিরোধী স্লোগান ‘তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও’-এর একটি রূপ।

আদালতের রায়ের বিষয়ে ফারুকি বলেন, ‘৪৩৪ অনুচ্ছেদের এই রায়ে পলিন হ্যানসনের আপিল খারিজ করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে তার আচরণ বর্ণবাদী, ইসলামোফোবিয়াসম্পন্ন এবং ঘৃণ্য ছিল। বিদ্বেষমূলক বক্তব্য কখনোই বাক্‌স্বাধীনতা নয়, ফেডারেল কোর্ট আজ সেটাই আবারও নিশ্চিত করেছেন।’

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ান নেশন’ দলটি দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকলেও অভিবাসন ইস্যুতে হ্যানসনের কট্টর অবস্থান সাম্প্রতিক জনমত জরিপে বাড়তি সমর্থন এনে দিয়েছে।

এএম