সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান টাইরোন ডেভিস রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা মনে করছি, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।’ সিয়াটল সেন্টারে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে।
সিয়াটলের মেয়র কেটি উইলসন বলেন, ‘আজ সিয়াটল সেন্টারে যা ঘটেছে, তা অকল্পনীয় এক ট্র্যাজেডি এবং ভয়াবহ সহিংসতার ঘটনা।’
তিনি আরও বলেন, ‘এই শহর ও পুরো দেশে বন্দুক সহিংসতা অনেক বেশি। মাত্র কয়েক দিনের ব্যবধানে সিয়াটলে বন্দুক সহিংসতার তিনটি বড় ঘটনা ঘটেছে।’ তবে গোলাগুলির উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ডেভিস জানান, আটক ব্যক্তি একজন তরুণ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পলাতক সন্দেহভাজনের পরিচয় বা বর্ণনাও এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে স্থানীয় গণমাধ্যমে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানান ডেভিস। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা মনে করছি, সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। হত্যাকাণ্ড ও বন্দুক সহিংসতা দমন ইউনিটসহ পুলিশের একাধিক দল ঘটনাটি তদন্ত করছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিয়াটল টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফুড ফেস্টিভ্যাল এলাকায় পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর উৎসবে অংশ নেয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়ে যান।





