Recent event

সংযমের মধ্য দিয়ে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল | ছবি: সংগৃহীত
0

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক। এই হোক পবিত্র রমজান মাসে প্রার্থনা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) দেয়া বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

বিএনপির নবগঠিত সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব তার বাণীতে বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাস অপেক্ষার পর আসা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা। ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

আরও পড়ুন:

পবিত্র মাহে রমজানে সবার সুখ-শান্তি-কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল। তিনি তার বাণীতে বলেন, ‘সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।’

এনএইচ