শান্তি আলোচনার মধ্যেই রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ১২ খনি শ্রমিক

শান্তি আলোচনার মধ্যেই রুশ ড্রোন হামলায়,
শান্তি আলোচনার মধ্যেই রুশ ড্রোন হামলায়, | ছবি: সংগৃহীত
1

মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার মধ্যেও রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তবে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এগিয়ে নিতে মস্কো কাজ করে যাচ্ছে—এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা চললেও উত্তেজনার পারদ কমেনি। আগামী বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্বের ঠিক আগে এই হামলা চালায় মস্কো।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিক বহনকারী একটি বাসে রুশ ড্রোন আঘাত হানে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১২ জন। আহত হন আরও ১৫ জন শ্রমিক। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এমন পরিস্থিতিতেও আসন্ন শান্তি আলোচনার দিকে তাকিয়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন সব কার্যকর ফরম্যাটে কাজ করতে প্রস্তুত। বৈঠক হওয়া এবং সেখান থেকে বাস্তব ফলাফল পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী বৈঠক নিয়ে আমরা আশাবাদী এবং প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন:

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেন, ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে কাজ করছে রাশিয়া। ফ্লোরিডায় রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে, ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার ইউরোপীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি দাবি করেন, রাশিয়া এখন জয়ের দ্বারপ্রান্তে। একই সঙ্গে শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পের প্রশংসাও করেন পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘ট্রাম্প শান্তিতে অবদান রেখে ইতিহাসে নাম লেখাতে চান। তিনি সে চেষ্টা করছেন। কখনও সফল হন, কখনও হন না। কিন্তু তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। সে কারণেই আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন অনেক বেশি ফলপ্রসূ।’

এদিকে, চলমান যুদ্ধ ও হামলার প্রভাব পড়েছে ইউক্রেনের বেসামরিক জীবনে। তীব্র শীতের মধ্যে কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত আবাসিক ভবন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুধু কিয়েভেই অন্তত ৫ শতাধিক ভবনে গরম করার ব্যবস্থা নেই। পানির সরবরাহও ব্যাহত হচ্ছে।

রুশ হামলার পাশাপাশি বিদ্যুৎ গ্রিডে প্রযুক্তিগত সমস্যার কারণে দুটি গুরুত্বপূর্ণ লাইন বন্ধ থাকায় বাড়তি ভোগান্তিতে পড়েছেন ইউক্রেনের সাধারণ মানুষ।

জেআর