সিকিমের টানেলে ধস: নিহত ১১, আটকা আরও ১৫ শ্রমিক

ভারতে সুড়ঙ্গ ধসের ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
ভারতে সুড়ঙ্গ ধসের ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা | ছবি: সংগৃহীত
0

ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় ভূমিধসের কারণে একটি টানেল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন এখনো ধ্বংসস্তূপে আটকা রয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে টানা বৃষ্টিপাতের কারণে। এতে ভূমি অস্থিতিশীল হয়ে পড়ছে। এছাড়া টানেলের ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলেছে বলে সূত্র জানিয়েছে। ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামারদুংয়ের কাছে তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের ৭ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন একটি টানেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ২৫ থেকে ৩৮ জনের মতো লোক ভেতরে ছিলেন। এর মধ্যে প্রকল্পটির নির্মাণকারী প্রতিষ্ঠান ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (এনএইচপিসি) ও প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন, যারা রুটিন পরিদর্শনে গিয়েছিলেন।

জরুরি সেবা বিভাগের সদস্যরা এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন। মাটির প্রায় ৩ কিলোমিটার নিচে আরও ১৫ জন আটকা পড়ে আছেন। নামচি জেলার পুলিশ সুপার সোনম দোলমা ভুটিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফোনে ১৫ জনের আটকে থাকার তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন উদ্ধারকর্মী আহত হয়েছেন।

এএম