যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কুয়েত লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে অথবা মাঝপথে ভেঙে পড়েছে। এছাড়া বাহরাইনের দিকে ধেয়ে আসা তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বারবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
সেন্টকম আরও জানায়, আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ লক্ষ্য করে পাঠানো ইরানি ড্রোনগুলো ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এর পাশাপাশি ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি আঞ্চলিক দেশের বিমানঘাঁটি ও হেলিকপ্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে সেন্টকম দাবি করেছে, ইরানের সবকটি হামলা ব্যর্থ হয়েছে এবং মার্কিন বাহিনী যেকোনো ধরনের ‘অযৌক্তিক ইরানি আগ্রাসন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। নতুন করে এই সংঘাত শুরু হওয়ার পর ৩ জুন সকালে বিশ্ববাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে এই যুদ্ধ একটি অচলাবস্থার মধ্যে রয়েছে এবং ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।




