সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশ বর্তমানে মধ্যস্থতাকারীদের সহায়তায় এক পাতার একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। ১৪ দফার এই খসড়া প্রস্তাবের লক্ষ্য হলো, আগামী এক মাস আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
আলোচনার খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা হ্রাস এবং ইরানের মজুত থাকা অতি–সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
তবে আলোচনা শুরুর আগে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে। বিশেষ করে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি কতটুকু হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ কাটেনি। এই অমীমাংসিত ইস্যুর কারণে শেষ মুহূর্তে আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।





