ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প; তবে নৌ অবরোধ অব্যাহত

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বন্দরগুলোতে নৌঅবরোধ আগের মতোই বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প এসব তথ্য নিশ্চিত করেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউইজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরান সরকার বর্তমানে মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে—যা অপ্রত্যাশিত ছিল না। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমরা ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে রাজি হয়েছি। ইরানের নেতা ও প্রতিনিধিরা যতক্ষণ পর্যন্ত একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসছেন, ততক্ষণ এই বিরতি চলবে।’

আরও পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, সামরিক বাহিনীকে নৌঅবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি। অন্য সব দিক থেকে তারা প্রস্তুত ও সক্ষম রয়েছে। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।’

ডোনাল্ড ট্রাম্পের এই বার্তার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নতুন করে নজর রাখছে আন্তর্জাতিক মহল। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএম