ক্রেমলিন প্রকাশিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়মকে নিষ্ঠুরভাবে লঙ্ঘন করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনি একজন অসামান্য রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। যিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছেন।’
এদিকে ঊর্ধ্বতন রুশ কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, ইরানে মার্কিন-ইসরাইলি এ হামলা অঞ্চলটিকে একটি পারমাণবিক দুর্ঘটনার দ্বারপ্রান্তে নিয়ে যাবে এবং উত্তেজনা এ অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন:
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া এ হামলাকে ‘কূটনীতির প্রকৃত বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে একটি ‘সুপরিকল্পিত এবং উস্কানিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছে। মন্ত্রণালয়টি সতর্ক করেছে যে, এ হামলা অঞ্চলটিকে ‘মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের’ মুখে ঠেলে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যকে অনিয়ন্ত্রিত উত্তেজনার অতল গহ্বরে নিমজ্জিত করে দেশগুলোকে আরও ভয়াবহ পথ বেছে নিতে প্ররোচিত করছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং তার মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, ইসরাইল রাশিয়াকে দেওয়া আশ্বাসে বলেছিল তারা ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়—যা মস্কোকে বিভ্রান্ত করেছে।





