Recent event

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের অনবদ্য সাফল্য

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য | ছবি: আইএসপিআর
0

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এবার এসব প্রতিষ্ঠান থেকে গড় পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ–৫ প্রাপ্তির হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। আজ (শুক্রবার, ১১ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ৩৮টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৭৬২ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট ৬৪টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২০০ জন জিপিএ–৫ অর্জন করেছে।

এ সাফল্যের পেছনে সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরা হয়।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নেতৃত্ব, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাকে এই সাফল্যের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

এসএইচ