বাবার আদর্শে সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই: মন্ত্রী আফরোজা খানম

মন্ত্রী আফরোজা খানম ও অন্যান্য নেতাকর্মীরা
মন্ত্রী আফরোজা খানম ও অন্যান্য নেতাকর্মীরা | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এসময় তিনি বলেন, ‘বাবার আদর্শে উজ্জীবিত হয়ে মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এছাড়া মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখা চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।

আরও পড়ুন:

এসময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আপসহীন। তার আদর্শ ধারণ করে আজ আমি মানিকগঞ্জের সাধারণ মানুষের নেত্রী। আমি বাবার আদর্শে উজ্জীবিত হয়ে মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই আমি। প্রবাসীদের জন্য বিমান টিকেটে বিশেষ ছাড়, পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমরা। তাছাড়া টিকেট সিন্ডিকেট দমনে কাজ করছি। প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট হারুণার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেন।

এসএইচ