সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড়, বহিষ্কৃত সাড়ে ১২ হাজার

সৌদি আরবে অবৈধ প্রবাসিদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনী
সৌদি আরবে অবৈধ প্রবাসিদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনী | ছবি: আরব নিউজ
0

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৬০০ জনের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। বসবাসের অনুমতি, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে চালানো অভিযানে এই পদক্ষেপ নেয়া হয়। সাম্প্রতিক এই ধারাবাহিক অভিযানে ১৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানের পর ১২ হাজার ৬১৩ জনকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে।

একই সময়ে আটক হয়েছেন ১৪ হাজার ১৫৪ জন। এদের মধ্যে বসবাসের অনুমতি লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কাজে নিয়োজিত করার অভিযোগে আরও ১৭ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে এখনো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৭ হাজার ৯০৩ জনকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৪২৪ জন সৌদি আরব ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ, পরিবহন বা কাউকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে সহায়তাকারীর সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৬ হাজার ৬০০ ডলার) জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসমক্ষে অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে।

এএম