ছাদ থেকে পড়ে মারা গেলেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার নির্মাতা

নির্মাতা অনীক দত্ত
নির্মাতা অনীক দত্ত | ছবি: সংগৃহীত
0

ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার নির্মাতা অনীক দত্ত। আজ (বুধবার, ২৭ মে) নিজের বাড়ির ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নির্মাতা অনীক দত্তের মৃত্যু নিয়ে ওঠছে নানারকম প্রশ্ন। ছাদ থেকে পড়ে যাওয়া নিছকই দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে অন্য ঘটনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। গড়িয়াহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা যায়, দক্ষিণ কলকাতা হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে বসবাস করতেন অনীকের স্ত্রী। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনে হিন্দুস্থান পার্কের একটি ফ্ল্যাটে।

বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। আর সেখানেই ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। ভবনের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায় এ ঘটনায়। ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ার সময় অনীক ওই গাছে ধাক্কা খেয়েছেন। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান অনীক। তার সারা শরীরে চাপ চাপ রক্ত ছিল। মাথায়, কাঁধে, বুকে আঘাতের চিহ্ন ছিলো। অনীকের স্ত্রী হাসপাতালে রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে মুম্বাই থেকে নিয়ে আসছেন অনেকের মেয়ে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে আগামীকাল তার ময়নাতদন্ত করা হবে।

এদিকে রহস্যজনক এই মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হন অনীকের পরিবারের লোকজন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কমল। হাসপাতালে উপস্থিত রয়েছে গড়িয়াহাট থানার একটি টিমও।

ইএ