আজ (শুক্রবার, ১৪ আগস্ট) ভোরের আলো ফুটতেই প্রাণ ফিরে পায় রাজধানীর দোয়েল চত্বর। কিশোর কিশোরী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সাইক্লিস্টদের পদচারণায় মুখর হয়ে ওঠে চত্বর। সবার চোখে মুখে উৎসবের আমেজ। উদ্দেশ্য একটাই হেরিটেজ সাইকেল র্যালিতে অংশগ্রহণ।
সকাল ৭টায় দোয়েল চত্বর থেকে শুরু হয় র্যালির উদ্বোধন করেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, ‘মাদকমুক্ত ও সবুজায়ন নগরী গড়তে এ ধরণের উদ্যোগ আরও বেশি করে নেয়া উচিত।’ পাশাপাশি সাইকেল চালানোর মতো একটি নিরাপদ নগরীতে গড়ে তুলতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই আমাদের তরুণ সমাজ সব ধরনের মাদক থেকে মুক্ত হয়ে তাদেরকে গড়ে তুলে তাদেরকে স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ আমরা নিশ্চিত কর। আমরা এরকম ঢাকা দিবস উপলক্ষে যে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে, আমরা চাই ঢাকার প্রতিটি এলাকা প্রতিটি রাস্তা সাইকেল চলার জন্য একটি নিরাপদ সড়ক হিসেবে গড়ে তুলুক।’
আয়োজনের সভাপতির দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, এটা কেবল শুরু। আগামীতে নৌকা বাইচসহ পরিবেশবান্ধব আরও নানা আয়োজন করা হবে। একইসাথে এই আয়োজনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন নগরী ও সবুজায়নের বার্তা দেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমাদের যে কয়টা কর্মসূচি আছে যেমন, ম্যারাথন, নৌকা বাইচ, র্যালি, আরও অন্যান্য প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেটা আমি আশা করি।’
এছাড়া আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। র্যালিটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দক্ষিণ সিটি করপোরেশনে এসে শেষ হয়।




