অন্যের পরিচয়ে মৃত্যুদণ্ড: অবশেষে জামিনে মুক্ত কক্সবাজারের ‘সোনামিয়া’

মুক্তি পাওয়ার পর সোনামিয়াকে ফুল দিয়ে বরণ করে পরিবারের সদস্যরা
মুক্তি পাওয়ার পর সোনামিয়াকে ফুল দিয়ে বরণ করে পরিবারের সদস্যরা | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের আলোচিত ইয়াবা মামলায় অন্যের পরিচয়ে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করা মুহাম্মদ ইয়াসিন প্রকাশ ওরফে ‘সোনামিয়া’ অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

২০২০ সালে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় রমজান আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ‘সোনা মিয়া’ নামে একজনকে আসামি করা হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত সোনা মিয়াসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন।

তবে পরবর্তীতে নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘সোনা মিয়া’ এবং কারাগারে থাকা মুহাম্মদ ইয়াসিন প্রকাশ সোনামিয়া একই ব্যক্তি নন। অন্যের পরিচয়ে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিলেন সোনামিয়া।

সোনামিয়ার আইনজীবী আবদুল মান্নান বলেন, ‘বিষয়টি আদালতের নজরে আসার পর তার জামিন আবেদন করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বিভিন্ন নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে চার শর্তে তার জামিন মঞ্জুর করেন।’

জামিনের শর্ত হিসেবে এনআইডি কার্ড থানায় জমা রাখা, ঠিকানা পরিবর্তন না করা, নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দেয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের অবস্থান জানিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার সকালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর স্বজনদের মধ্যে স্বস্তি নেমে আসে। দীর্ঘদিন পর সোনামিয়াকে মুক্ত অবস্থায় ফিরে পেয়ে স্বজনরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

মুক্তির পর সোনামিয়া বলেন, ‘আমার মতো কোনো নির্দোষ মানুষ যেন আর এমন ঘটনার শিকার না হন। ভবিষ্যতে কোনো মামলায় নিরপরাধ মানুষকে যেন ভুল পরিচয়ে আসামি করা না হয়। এজন্য সঠিকভাবে তদন্ত করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করছি।’

এসএস