ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি
ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি | ছবি: এখন টিভি
3

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় সাড়ে নয় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি ও সানগ্লাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় মাটিতে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ (শুক্রবার,২০ মার্চ) দুপুরে সরাইলের কালিকচ্ছে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল স্থানীয় কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

অভিযান চলাকালে একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ভারতীয় ৯ হাজার ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬২৮ পিস চশমা ও ৩৪৩ পিস শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা। চোরাকারবারিরা তাদের কৌশল বদলালেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিয়মিত চোরাই পণ্য ধরা পড়ছে বিজিবির অভিযানে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।’

এসএস