ট্রাকের ধাক্কায় ছেলে মর্গে, মৃত্যু শয্যায় পিতা

ফেনী জেনারেল হাসপাতালের মর্গ
ফেনী জেনারেল হাসপাতালের মর্গ | ছবি: এখন টিভি
0

সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ফেনীতে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত ও পিতা গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।

আরও পড়ুন:

এসময় তারা চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে তাদেরকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পৌঁছে দেয়া হয়েছে। গুরুতর জখমী ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস