জলপথ নিয়ে অনড় তেহরান-ওয়াশিংটন: ইরানি বন্দরে নতুন অবরোধ, পাল্টা হামলার শিকার কুয়েত-জর্ডান

যুক্তরাষ্ট্রের হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ইরানের দক্ষিণ উপকূল
যুক্তরাষ্ট্রের হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ইরানের দক্ষিণ উপকূল | ছবি: আল জাজিরা
0

শান্তির পথে পদক্ষেপ হিসেবে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের এক মাস না পেরোতেই ইরানের বন্দরে আবার নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ (বুধবার, ১৪ জুলাই) ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার জবাবে চালানো তাদের সর্বশেষ দফার অভিযান শেষ হয়েছে। একই সঙ্গে ইস্টার্ন টাইম (ইটি) বিকেল ৪টা, অর্থাৎ জিএমটি ২০:০০টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তবে ইরানের দাবি, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণে এর প্রভাব পড়বে না। একই সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, মঙ্গলবার রাতভর তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সেন্টকমের ভাষ্য, বুধবার জিএমটি সময় আনুমানিক ০২:০০টার দিকে তারা হরমুজ প্রণালির কাছাকাছি এবং ইরানের উপকূলীয় এলাকায় ‘কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালায়। তাদের দাবি, ৭ ঘণ্টাব্যাপী ওই অভিযানে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূল প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরানের গণমাধ্যম বুধবার জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র চাবাহার শহরের একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হেনেছে। এটি সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের অনুসন্ধান-উদ্ধার তৎপরতায় ব্যবহৃত একটি বেসামরিক স্থাপনা। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বাম্পুরে একটি সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেন, এক রাতের মার্কিন হামলায় ২৬০ জনের বেশি আহত হয়েছেন। তেহরান আরও বলেছে, সর্বশেষ দফার মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

কুয়েতের সেনাবাহিনী বুধবার জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরানের হামলায় কুয়েতি নৌবাহিনীর একটি জাহাজে আঘাত লাগে এবং এতে ৪ সদস্য আহত হন।

আরও পড়ুন:

বাহরাইনে বিমান হামলা সতর্কসংকেত চালু করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানুষকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। জর্ডানের সামরিক বাহিনী বলেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক আর কার্যকর নয়। অবরোধ পুনর্বহালের পর আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য হবে, না হলে কারও জন্যই হবে না।’

মঙ্গলবারই মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৩ কোটি ডলারের বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

একই দিন পেন্টাগনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইরাককে অবশ্যই নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং ইরান-সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্র করতে হবে।’ তার দাবি, এসব গোষ্ঠী ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে প্রায়ই মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসী, ভুক্তভোগী নয়।’ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়, চিঠিতে তিনি অভিযোগ করেন, তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পরপরই ওয়াশিংটন নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন থেকে সরে যায় এবং সক্রিয়ভাবে এর বাস্তবায়ন ব্যাহত করে।

এএম