জর্ডানে ইরানের হামলা ‘অগ্রহণযোগ্য’: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল (মঙ্গলবার, ১৩ জুলাই) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কো রুবিও ও আয়মান সাফাদি ওই অঞ্চলে বিভিন্ন দেশের ওপর এবং বাণিজ্যিক জাহাজে ইরানের ‘চলমান হামলার’ বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী ওই সব হামলার নিন্দা জানিয়েছেন। বিশেষ করে জর্ডানের ভূখণ্ডে ইরানের অগ্রহণযোগ্য হামলার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পররাষ্ট্রমন্ত্রী সাফাদিকে ধন্যবাদ জানান মার্কো রুবিও।’

আরও পড়ুন:

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সংঘাত নিরসন ও একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠকটি এমন এক সময়ে আয়োজিত হয়েছে, যখন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমাতেই তারা ইরানে এসব হামলা চালাচ্ছে।

অন্যদিকে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাও রয়েছে।

এএম