নৌ-অবরোধ বেশ ‘লাভজনক ব্যবসা’; জব্দ করা ইরানি তেল নিয়ে ট্রাম্পের মন্তব্য

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দ করাকে একটি ‘খুবই লাভজনক ব্যবসা’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌ-অবরোধের অংশ হিসেবে ওয়াশিংটন এখন পর্যন্ত বিপুল পরিমাণ ইরানি পণ্য ও তেল নিজেদের দখলে নিয়েছে বলে বড়াই করেছেন তিনি। তুরস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা মালামাল দখল করেছি। তেল দখল করেছি, এটি বেশ লাভজনক ব্যবসা। কে ভেবেছিল—আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে আমরা কোনো খেলা খেলছি না।’

নৌ-অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং এটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। তিনি বলেন, ‘তারা এটি বন্ধ করেছে, তাই আমিও তাদের জন্য এটি (অবরোধের মাধ্যমে) বন্ধ করে দিয়েছি।’

ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করে বলেন, ‘সত্যি বলতে, কোনো চুক্তি না হওয়াই হয়তো আমাদের জন্য ভালো।’ তবে পরক্ষণেই তিনি মন্তব্য করেন যে বর্তমান পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে দেয়া যায় না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

তবে দীর্ঘমেয়াদি কোনো সমাধান না আসায় গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ট্রাম্প প্রশাসন এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে বলে জানা গেছে।

এএম