নারায়ণগঞ্জে হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের অর্থ ও কারাদণ্ড

নারায়ণগঞ্জে দালালবিরোধী অভিযান
নারায়ণগঞ্জে দালালবিরোধী অভিযান | ছবি: এখন টিভি
4

নারায়ণগঞ্জে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এসময় র‍্যাব, জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, তারা রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল অগ্রাধিকার ভিত্তিতে পাইয়ে দিত এবং অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতো।

আরও পড়ুন:

অভিযানে ঘটনাস্থল থেকে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আম্বিয়া ও রাসেলকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আব্দুল মান্নানকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। রোগীরা যাতে কোনো হয়রানি ছাড়াই স্বচ্ছভাবে চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

আরও পড়ুন:

এদিকে হাসপাতালটির আবাসিক সার্জন ডা. আব্দুল কাইউম বলেন, ‘দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। রাতের বেলায় মাদকাসক্তদের বিচরণ বেড়ে যায়, যারা দিনে দালালচক্রের সঙ্গে জড়িত থাকে বলে অভিযোগ রয়েছে।’

তিনি হাসপাতাল এলাকায় নিয়মিত র‍্যাব ও পুলিশের টহল জোরদার এবং মেডিকেল পুলিশ ব্যবস্থা চালুর দাবি জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা কমবে এবং সাধারণ রোগীরা স্বস্তিতে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এসএস