সুনামগঞ্জ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি

সুনামগঞ্জ শহরে অগ্নিকাণ্ডের ছবি
সুনামগঞ্জ শহরে অগ্নিকাণ্ডের ছবি | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুজিত কুমার চন্দ্রকে আহ্বায়ক করে ৭ বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (সোমবার, ৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গতকাল (রোববার, ৩০ মার্চ) রাতে শহরের আলফাত স্কয়ার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৭ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটিতে যারা আছেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ্র আহ্বায়ক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের মনোনীত একজন, সিভিল সার্জনের মনোনীত একজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের বিভাগীয় উপ পরিচালক মনোনীত একজন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ও সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের মনোনীত একজন প্রতিনিধি।

আরও পড়ুন:

এদিকে সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সামছুল হক জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে জানান, অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তৎপরতা সন্তোষজনক ছিল না, এমনকি এ সার্ভিসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সহায়তার দাবি জানানো হয়।

তবে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জালাল আহমদ বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সাধ্যমতো কাজ করেছে। তিন দিক থেকে পাইপ লাগিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।’

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘সুনামগঞ্জবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।’

উল্লেখ্য, গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে শহরের আলফাত স্কয়ার এলাকার একটি জুতার দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়ে তা ৮টি দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

এসএইচ