Recent event

পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ১২ বিঘা ফসল নষ্ট

পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে
পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে | ছবি: সংগৃহীত
0

পাবনার সুজানগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ১২ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন সুজানগরের হাকিমপুর এলাকার কৃষক জুয়েল শেখ, বন্দের আলী ও আমদ আলী। সম্প্রতি তাদের চাষ করা পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় কৃষক দুলাল শেখ, মিন্টু শেখ, আরিফ, আবিদ ও ঝন্টু শেখ আগে ওই জমি লিজ নিয়ে চাষ করতেন। চলতি মৌসুমে নতুন করে জুয়েল শেখ, বন্দের আলী ও আমদ আলী জমিটি লিজ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

ভুক্তভোগী কৃষকেরা বলেন, ‘যারা আগে জমিটা চাষ করত, তারাই আমাদের এ ক্ষতি করেছে। এত বড় ক্ষতির পর আমরা কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, পরিবার চালাব—এটাই এখন বড় দুশ্চিন্তা।’

আরও পড়ুন:

তবে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্তদের একজন বলেন, ‘আমাদের নিজেদের জমিতেও ফসল আছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তা ও কৃষি প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হবে।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে কৃষকেরা আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ দেননি। যেহেতু এটি একটি ফৌজদারি বিষয়, তাই তারা থানায় জিডি বা মামলা করতে পারেন। আমাদের দায়িত্ব কারিগরি পরামর্শ দেয়া, যা আমরা এরইমধ্যে দিয়েছি।’

এ ঘটনায় ভুক্তভোগী তিন কৃষক সুজানগর থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

এফএস