বিশ্বকাপ তো বটেই ফুটবলের প্রাণ ধরা হয় দর্শকদের। যাদের জন্য মাঠের খেলা হয়ে উঠে আরও প্রাণবন্ত, এবার তাদের নিয়ে ভেবেছে যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপের এবারের আসরের সহ-আয়োজক দেশটি। সেই উপলক্ষে নির্দিষ্ট কিছু দেশের দর্শকদের জন্য ভিসা বন্ড প্রদানের নিয়ম শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সব শর্ত পূরণ করে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কোচ ও স্টাফদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে। এছাড়া যারা সরাসরি ফিফা থেকে টিকিট কিনে গত ১৫ এপ্রিলের মধ্যে ‘ফিফা পাস’ সিস্টেমে নিবন্ধিত হয়েছেন, তারাও পাবেন এ বিশেষ সুবিধা।
আরও পড়ুন
সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এখন ৫ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য ভিসা, বন্ড বা জামানত জমা দিতে হচ্ছে অনেক দেশকে। বাংলা টাকায় যা প্রায় ২০ লাখ টাকার কাছাকাছি। তবে বন্ড মওকুফ হলেও হাইতি, ইরান, আইভরি কোস্ট এবং সেনেগালের মতো কিছু দেশের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে এ দেশগুলোর সাধারণ সমর্থকদের জন্য টিকিট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কঠিন হতে পারে।
বিশ্বকাপের দামামা বাজবে আগামী ১১ জুন মেক্সিকোতে এবং যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুন ক্যালিফোর্নিয়ায়। টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই দেশটির নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু একদিকে টিকিটের আকাশচুম্বী দাম, অন্যদিকে ভিসা বন্ড হিসেবে বিশাল অর্থ জামানাতের শর্ত, অনেক ফুটবল প্রেমির জন্য মাঠে বসে খেলা দেখার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি ফিরবে দর্শকদের মাঝে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।





