অজিদের বিপক্ষে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি, অস্বস্তিতে টাইগাররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি কাল
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি কাল | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। আগামীকাল (শুক্রবার, ১৮ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে টিম বাংলাদেশ। শুক্রবার দুপুরে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটের হার দেখতে হয় বাংলাদেশকে। সেই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তাওহীদ হৃদয়দের সামনে।

ব্যাটিং বিভাগে বড় দায়িত্ব নিতে হবে তানজিদ হাসান, সৌম্য সরকার এবং অধিনায়ক হৃদয়কে। প্রথম ম্যাচে বড় জুটি গড়তে না পারায় চাপে পড়েছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কাছ থেকে আরও দায়িত্বশীল পারফরম্যান্স প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২ বারের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার জয় ৭টিতে বাংলাদেশের জয় ৫ ম্যাচে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

মিচেল মার্শের দল এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে সিরিজ। ব্যাট হাতে কুপার কনোলি এবং জশ ইংলিস, আর বল হাতে অ্যাডাম জাম্পারা বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারেন বড় হুমকি।

চট্টগ্রামের উইকেট সাধারণত স্পিন সহায়ক। তাই শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। নিজেদের পরিচিত কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য বাংলাদেশের।

ঘরের মাঠে টাইগাররা কি পারবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঘুরে দাঁড়াতে, নাকি অস্ট্রেলিয়া উদযাপন করবে সিরিজ জয়ের উৎসব?

এসএইচ