ঘরের মাঠে সাফ জয়ের মিশন; হামজাকে ছাড়াই প্রস্তুতির ছক বাফুফের

বাফুফে ভবন
বাফুফে ভবন | ছবি: এখন টিভি
0

ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফের শিরোপা পুনরুদ্ধারে জাতীয় দল নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। আসরের শুরুতে হামজাদের না পাওয়াতে বাকিদের নিয়ে প্রতিপক্ষকে হারানোর কৌশল সাজানোর পরামর্শ তার। আর সাফের আগে ফিফা উইন্ডো ছাড়াও প্রস্তুতি ম্যাচ খেলতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলমান।

ঘরের মাঠে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য বাংলাদেশের। আর এই মিশনকে সফল করতে এবার প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন রূপরেখা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন আসন্ন সাফের আগে ফুটবলারদের প্রস্তুত করতে ফিফা উইন্ডোর বাইরে জামাল-সোহেলদের প্রীতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করতে কাজ করছে বাফুফে।

বাফুফে সভাপতি তাবিথ আইয়াল বলেন, ‘আমরা ৩১ অথবা ১ তারিখে চেষ্টা করে দেখব যে বিদেশ থেকে কোনো টিম আনঅফিশিয়াল উইন্ডোর বাইরে ওরা খেলতে আসবেন কি না। আমরা মনে করি ডেফিনেটলি আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে হবে। আমরা কিছু কিছু ক্লাব টিমের সঙ্গেও কথা বলব, বিদেশি ক্লাব টিম যে তারাও যদি আসতে চায়, তবে আমরা মনে করি যে যারাই আসুক, আমাদের আসলে একটা ফ্রেন্ডলি প্রিপারেটরি ম্যাচ দরকার।’

এদিকে সাফকে সামনে রেখে বংশোদ্ভূত ফুটবলারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে বাফুফে সভাপতি বাস্তবসম্মত চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিলেন। ক্লাব ও লিগের ব্যস্ততার কারণে সাফের একদম শুরুর দিকে হামজাসহ কয়েকজন বংশোদ্ভূত ফুটবলারকে পাওয়া যাবে না। তবে দলে থাকা খেলোয়াড়দের নিয়েই প্রতিপক্ষকে বধ করার মানসিকতা রাখতে হবে।

তিনি বলেন, ‘কে থাকছে কে থাকছে না, এটা তো আমরা প্রতিনিয়ত ডিসাইড করছি। এটা কোনো টুর্নামেন্টের সঙ্গে জড়িত না, কোনো একটা গেমের সঙ্গে জড়িত না। এভ্রি ডে আমরা বিশ্লেষণ করি যে বাংলাদেশ টিম কোথায় আছে এবং বাংলাদেশ টিম আগামীতে কোথায় যেতে চায়। তো সেই প্রসেসে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত আমরা নিতেও প্রস্তুত।’

কেবল জাতীয় দল নয়, দেশের ফুটবলের পাইপলাইন ও ভবিষ্যৎকে শক্তিশালী করতে অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন এবং যুক্তরাজ্যের মাটিতে ১৪-১৭ বছর বয়সী প্রতিভাবান বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রেনিং ক্যাম্প করানোর পরিকল্পনা রয়েছে বাফুফের।

তিনি আরও বলেন, ‘ইউকেতে আমরা ১৪ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত প্রতিবছরে আমরা ইউকেরই যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে, তাদের সহযোগিতায় আমরা দুইটা করে ক্যাম্প এবং টুর্নামেন্ট করব, যেখানে ব্রিটিশ বাংলাদেশিরা ওই বয়সে তারা খেলতে পারে।’

এদিকে আসিয়ান কাপে হতাশাজনক পারর্ফমের কারণ খতিয়ে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বাফুফে সভাপতি।

এফএস