Recent event

পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। ৫৪ রানের বড় জয় তুলে নিয়ে এখন শিরোপার লড়াইয়ে টাইগ্রেসদের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত।

আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১০ ওভারে মাত্র ৪৪ রান তুলতেই হারায় ৩ উইকেট।

তবে এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে তোলেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারে খেলেন ৪০ রানের দায়িত্বশীল অপরাজিত ইনিংস। এছাড়া শারমিন সুলতানা করেন ১৫, শামিমা সুলতানা ১৩ এবং ইশমা তানজিম যোগ করেন ১২ রান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ১১০ রানে।

আরও পড়ুন:

জবাবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান ‘এ’। ৮ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ৩০ রানেই সাজঘরে ফেরেন অর্ধেক ব্যাটার। শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে মাত্র ৫৬ রানেই অলআউট হয় পাকিস্তান।

বল হাতে দুর্দান্ত ছিলেন সানজিদা আক্তার মেঘলা, মাত্র ৬ রানে শিকার করেন ৩ উইকেট। ফাহিমা খাতুন নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন।

প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবারও। গতবারের হার ভুলে এবার ২২ ফেব্রুয়ারি শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

এসএইচ