ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জানান, প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে এ কার্ড পৌঁছে দেয়া হবে কেউ বাদ পড়বে না।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ ছিল নির্বাচনি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি যা বলে, তা করে দেখায়। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেই না। নারীদের সংসারের খরচ মেটাতে সহায়তা করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।’

এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক সহযোগিতায় প্রশাসন কাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।

এসএস