Recent event

নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি: শীর্ষ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার

বিসিবির লোগো
বিসিবির লোগো | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারটি ভিন্ন ক্যাটাগরিতে যেখানে স্থান পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। তবে শীর্ষ ক্যাটাগরিতে নেই কেউই।

ফেব্রুয়ারিতে এসে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। তালিকায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়লেও, শীর্ষ ক্যাটাগরির জন্য কোনো ক্রিকেটার খুঁজে পায়নি বিসিবি।

গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নতুন বছরের চুক্তির তালিকা প্রকাশ করে বোর্ড। ৪ ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। যেখানে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় ফিরেছেন সোহান, সাইফ, নাঈম ও শামীম পাটোয়ারী। তবে আগের বছরের তালিকা থেকে বাদ পড়েননি কেউই।

সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মাসিক ১০ লাখ টাকা বেতন ধরা হলেও, এ তালিকায় নেই কোনো ক্রিকেটার। গেল বছর এই গ্রেডে পেসার তাসকিন আহমেদ থাকলেও, এবার অবনমন হয়েছে তার। দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিনি। তার সঙ্গী তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল শান্ত, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ম্যাচ ফি ও অন্যান্য ভাতা ছাড়াও মাসিক ৮ লাখ টাকা করে বেতন পাবেন তারা।

আরও পড়ুন:

সবচেয়ে বেশি ক্রিকেটারের ঠাঁই হয়েছে ৬ লাখ টাকা বেতনের ক্যাটাগরি ‘বি’ তে। এখানে অভিজ্ঞ মুশফিক-মুমিনুল-মুস্তাফিজদের পাশাপাশি আছেন নাহিদ রানা-রিশাদ-হাসান মাহমুদরাও।

চমক দেখিয়ে বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকারও। তিনি আছেন ‘সি’ ক্যাটাগরিতে। এই গ্রেডে আছেন অফফর্ম জাকের আলীর পাশাপাশি নাসুম-শরিফুলরাও। তারা পাবেন মাসিক ৪ লাখ টাকা বেতন।

সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৭ জন ক্রিকেটার। দীর্ঘদিন পর কেন্দ্রীয় চুক্তিতে ফেরা নুরুল হাসান সোহান, সাইফ হাসান-নাইম হাসানরা আছেন এ ক্যাটাগরিতে। প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদরাও আছেন এই ক্যাটাগরিতে। তারা পাবেন মাসিক ২ লাখ টাকা বেতন।

এসএইচ