Recent event

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত: রেজাউল করিম

নির্বাচনি জনসভায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
নির্বাচনি জনসভায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই।

আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম। সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে, দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়; বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।’

এসময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে রেজাউল করীম বলেন, ‘হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে। তাই আপনারা নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষ হাতপাখা প্রতীকে ভোট দেবেন।’

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

এছাড়া এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

এসএইচ