ইতিহাসের সেরা ব্যালন ডি’অর জয়ী তারকার খোঁজ, ভোটের সুযোগ পাচ্ছেন সমর্থকরা

ইতিহাসের সেরা ব্যালন ডি’অর জয়ী তারকার খোঁজ চলছে
ইতিহাসের সেরা ব্যালন ডি’অর জয়ী তারকার খোঁজ চলছে | ছবি: ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইট
0

ইতিহাসে সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুম কাটিয়েছেন কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? নাকি অন্য কেউ?— এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার খোদ ব্যালন ডি’অর কর্তৃপক্ষ আয়োজন করছে সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুমের ভোট। যেখানে টাকার বিনিময়ে সমর্থকরা ভোট দিতে পারবেন নিজের পছন্দের তারকাকে। সেই ভোটারদের মধ্যে থেকে একজনকে বাছাই করে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দু’টি টিকিট।

কে সেরা মেসি নাকি রোনালদো— এমন বিতর্ক যেন শেষ হবার নয়। তবে এরই মধ্যে দু’জন চলে এসেছেন তাদের ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।

আজেন্টিনার মহাতারকা লিওনেল মেসি যেমন আছেন মার্কিন মুলুকে খেলছেন মেজর লিগ সকারে, অন্যদিকে পর্তুগিজ যুবরাজ আছেন মরুর দেশে। তবে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে দু’জনই উঠে আসেন হরহামেসাই।

দু’জন ফুটবলারকেই যদি বিচার করা হয় দলগত ট্রফি কিংবা ব্যক্তিগত অর্জন দিয়ে সেখানে অবশ্য এগিয়ে থাকবেন এলএমটেন। বিশ্বকাপ-কোপা আমেরিকা জেতার পাশাপাশি জিতেছেন রেকর্ড সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর। যেখানে রোনালদো জিতেছেন পাঁচটি।

তবে এই ১৩টি ব্যালন ডি’অরের সেরা মৌসুম কোনটি ছিলো এমন প্রশ্নের উত্তর খুঁজতে খোদ ব্যালন ডি’অর কর্তৃপক্ষ আয়োজন করেছে ভোটের ব্যবস্থা।

শুধু মেসি বা রোনালদোই নয়, সেরা ব্যালন ডি’অর বিজয়ীর এ তালিকায় রাখা হয়েছে অন্তত দু’টি করে ব্যালন ডি’অর জিতেছেন এমন ১০ জন ফুটবলারের নাম। যার মধ্যে রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো তারকারা।

আরও পড়ুন:

অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে সেরা ব্যালন ডি’অর জয়ী আপনার চোখে কে? তার নামে ভোট দিতে পারবেন আপনিও। তবে এর জন্য খরচ হবে আপনার পকেটের টাকা। চাইলে একজন দিতে পারবেন একাধিক ভোট। প্রতিটি ভোটের জন্য গুনতে হবে ১ ইউরো করে।

আর এই ভোট দেয়া ব্যক্তিদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে বেছে নিয়ে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দু’টি টিকিট। সেইসঙ্গে সেই বাছাইকৃত ভোটার ট্রফির একটি আইকনিক ছবিও ডাউনলোড করতে পারবেন।

চলতি মাস থেকে শুরু হওয়া এ ভোটে এখনো পর্যন্ত শতাংশের বিবেচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা অবস্থায় পাওয়া ব্যালন ডি’অরে ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ।

যেখানে মেসির ২০১২ সালের মৌসুমে পাওয়া ব্যালন ডি’অর ভোট পেয়েছে মাত্র ১৩ শতাংশ। যদিও মেসি ওই মৌসুমে করেছন ৯১ গোল। আর ২০২৩ সালে মেসির পাওয়া ব্যালন ডি’অরে ভোট পড়েছে ৯ শতাংশ।

যদিও এই ভোটরে মাধ্যমে কে সেরা, তা নির্ণয় করা যায় না; তবে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের এই ভিন্ন ধরনের উদ্যোগে আবারো সেরা দুই ফুটবলারের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, অফিসিয়াল সাইটে নিজের পছন্দের তারকাকে ভোট দেয়ার এ সুযোগ থাকছে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

এসএইচ