আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ও বিএনপি চেয়ারম্যানের এ সাক্ষাতের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক মনোভাবের প্রকাশ পেয়েছে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জাতীয় সরকারে নয়, বিরোধী দলে থাকতে চায়। জামায়াত সরকারের অংশ হবে না। সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে।’
এছাড়া তারেক রহমান ও ডা. শফিকুরের এ বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সন্ধ্যায় জামায়াত আমিরের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাসায় বিএনপি চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। এসময় তারা কুশলাদি বিনিময় করেন।
আরও পড়ুন:
জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। এসময় জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় জামায়াত আমির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এ আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এ আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।’ৃ
জামায়াত আমির বলেন, ‘আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।’





