ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা

সংসদে বাকবিতণ্ডার মুহূর্ত
সংসদে বাকবিতণ্ডার মুহূর্ত | ছবি: এখন টিভি
0

ভ্রূণ হত্যায় বাধ্য করার অভিযোগে আলোচিত কুমিল্লার লাকসামের ছাত্রশিবির নেতা জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় সংসদে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংসদে সরকারদলের সঙ্গে বিরোধীদলের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

আজ (রোববার, ১৪ জুন) অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে সাবেক আইজিপি বেনজীরের গ্রেপ্তার নিয়ে বক্তব্যের পর জিসান ইস্যুতে কথা বললে সংসদে এমন চিত্র দেখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে অবৈধভাবে ভ্রূণ নষ্ট করার অভিযোগ অত্যন্ত দুঃখজনক।’

আরও পড়ুন:

তবে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, ‘কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংসদে একটি দলকে জড়িয়ে মন্তব্য করা দেশের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন।’

তার অভিযোগ, একটি রাজনৈতিক দলকে হেয় করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বক্তব্য দেয়া হয়েছে। একপর্যায়ে ওয়াকআউটের হুমকি দিলেও স্পিকারের আহ্বানে অধিবেশনেই অবস্থান করেন বিরোধীদলের সদস্যরা।

এসএইচ