বাহারুল আলম পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন ২০২০ সালে। ২০২৪ সালের ২০ নভেম্বর তাকে আইজিপি পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন:
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সে হিসেবে আইজিপি হিসেবে বাহারুল আলমের মেয়াদ আরও ৯ মাসের বেশি রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে আজ বিকেলের দিকে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ কিছু সংবাদমাধ্যমে খবরও প্রকাশ পায়।
তবে এরই কয়েক ঘণ্টা পর এ বিষয়ে কথা বলেন আইজিপি বাহারুল আলম। গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়।’
রাতে এ বিষয়ে গণমাধ্যমে বার্তা পাঠায় পুলিশ হেডকোয়ার্টার্স। সংস্থাটি সেখানে বলছে, ‘আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’




